বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে আজ ঢাকায় আসছে ইইউ প্রতিনিধি দল
- আপডেট সময় : ০১:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১৮৮০ বার পড়া হয়েছে
বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে। নেতৃত্ব দেবেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।
৫ দিনের এই সফরে ১৫ নভেম্বর প্রতিনিধিদলটি পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব এবং শ্রম সচিবের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে শ্রম আইন সংশোধনের পরের পরিস্থিতি, শিশু শ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইইউ প্রতিনিধিদলটি এমন এক সময়ে শ্রম খাতের পরিস্থিতি নিয়ে বৈঠক করতে আসছে, যখন ন্যূনতম মজুরির দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকেরা আন্দোলন করছেন। ইইউ দূতাবাস জানায়, বাংলাদেশ ইইউতে যে বাজার সুবিধা পায় তার জন্যে এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। সফরটি বছরের মাঝামাঝি হবার কথা থাকলেও কয়েক দফায় পিছিয়ে তা ১৫ নভেম্বর করার সিদ্ধান্ত হয়।





















