চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি
- আপডেট সময় : ০৯:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে চলমান প্রকল্পের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মাণাধীন স্লুইস গেটের বেশিরভাগের কাজ শেষ হয়েছে। বাকিগুলোর কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ খালগুলোর খনন ও সংস্কার কাজও শেষ পর্যায়ে পৌঁছেছে।
পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ২১টি স্লুইস গেট। এর মধ্যে কাজ চলছে চারটিতে। এসব স্লুইস গেট বর্ষা মৌসুমে জোয়ারের পানি নিয়ন্ত্রণ করবে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব তথ্য জানানো হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে আয়োজিত সমন্বয় সভায়।
এদিকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের পলি অপসারণ, খনন এবং রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি সভায় তুলে ধরেন প্রকল্প সংশ্লিষ্টরা।
সভায় মেয়র বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে যে সমন্বিত উদ্যোগ গড়ে উঠেছে, তার সুফল নগরবাসী অচিরেই পাবে।
কাজের শেষ ধাপের প্রস্তুতি নিশ্চিত করতে নিয়মিত সমন্বয় সভা অব্যাহত রাখার নির্দেশ দেন মেয়র।
























