চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান
- আপডেট সময় : ০৯:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের পুরোপুরি নিয়ন্ত্রণ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে সোমবার ভোরে সেনাবাহিনী, রেব, পুলিশের প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে যৌথ এ অভিযান শুরু হয়।
কোথাও রাস্তার ওপর রাখা হয়েছে বড় ট্রাক। কোথাও আবার ভেঙে ফেলা হয়েছে কালভার্ট। নালার স্ল্যাবও তুলে ফেলা হয়েছে একটি স্থানে। চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ধরতে অভিযানে গিয়ে এসব প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে যৌথ বাহিনীর সদস্যদের।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, অভিযানের খবর আগেই পেয়েছেন জঙ্গল সলিমপুরে থাকা সন্ত্রাসীদের একটি অংশ। তাই অভিযানের আগে রবিবার রাতেই এসব প্রতিবন্ধকতা তৈরি করেছেন সন্ত্রাসীরা।
সোমবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই অভিযানে যৌথ বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য অংশগ্রহণ করেন। সকাল থেকে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয় তল্লাশি চৌকি। অভিযানের সময় সাংবাদিকদের জঙ্গল সলিমপুরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের পুরোপুরি নিয়ন্ত্রণ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।
ভবিষ্যতে জঙ্গল সলিমপুর যেন দুর্বৃত্তরা নিয়ন্ত্রণে নিতে না পারে সেজন্য সকল পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
গত জানুয়ারি মাসে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র ্যাব-৭- এর একজন কর্মকর্তা।



















