গাজীপুর সড়কে ভোগান্তির আশঙ্কা ঘরমুখো মানুষের
- আপডেট সময় : ০৯:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশমুখ- গাজীপুর। এই পথ ব্যবহার করেই দেশের উত্তরাঞ্চলসহ ৩২টি জেলার মানুষ ঢাকায় যাতায়াত করেন। ঈদ এলেই এ সড়কে ঘরমুখো কর্মজীবী মানুষের ঢল নামে। ফলে প্রতিবছরই নানা দুর্ভোগ সঙ্গী করেই যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হয়। চলতি বছরও নির্মাণাধীন সড়কের কাজ, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি দাঁড় করানো এবং অনিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামার কারণে ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা। তবে পুলিশ প্রশাসন বলছে, তারা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস রেপিড ট্রানজিট- বিআরটি প্রকল্পের কাজ এক যুগের বেশি সময়ে শেষ হয়নি। ফলে এই সড়কে চলাচলকারী যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদ এলেই সেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্দিষ্ট লেনে দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে সরকার বিআরটি প্রকল্প হাতে নেয়। সাড়ে ২০ কিলোমিটার সড়কে নির্মিতব্য এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল চার বছর। তবে নানা জটিলতার নামে প্রকল্পটির মেয়াদ এ পর্যন্ত পাঁচদফা বাড়ানো হয়েছে। তারপরেও বর্তমানে স্থবির এর কাজ। এতে ঈদযাত্রায় বিআরটি লেন আর ফুটপাতে অবৈধ দোকান নিয়ে শঙ্কায় পথচারীরা।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটপ্রবণ এলাকা চন্দ্রার আশেপাশে অসংখ্য শিল্পকারখানা, বাজার ও আবাসিক এলাকা থাকায় স্থানীয় যানবাহনের চাপ- বিশেষ করে রিকশা, সিএনজি অটোরিকশা ও লোকাল বাস প্রায়ই মহাসড়কে ওঠানামা করে। এতে দূরপাল্লার যানবাহনের গতি কমে যায় এবং অনেক সময় যানজট সৃষ্টি হয়।
অপরদিকে, চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মাওনা ও জৈনা বাজার পর্যন্ত গাজীপুরের সীমানায় মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং ও রাস্তার ওপর বাজার বসানোর ফলে সড়কে তৈরি হয় তীব্র যানজট। মহাসড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ না করায় যানজট পরিস্থিতি ঈদে আরো বাড়াতে পারে বলে মনে করছেন চালকরা।
তবে পুলিশ প্রশাসন বলছে, তারা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে। ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
ঈদযাত্রায় মহাসড়কে বাড়তি ভাড়া আদায় যাত্রীদের জন্য আরেক বড় যন্ত্রণা। যাত্রীদের সাথে দরকষাকষির কারণে যানবাহনের স্বাভাবিক গতিও এতে ব্যাহত হয়। এ ব্যাপারে কঠোর তদারকির দাবি যাত্রীদের।




















