কূটনীতিতে জোর দিয়ে বিশ্বে নতুন বাজার সৃষ্টিতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনীতিকে এগিয়ে নেয়ার পাশাপাশি যে কোন চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে চায় বাংলাদেশ। বাণিজ্যিক কূটনীতিতে জোর দিয়ে বিশ্বে নতুন বাজার ও ব্র্যান্ড সৃষ্টিতে দূতাবাসগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। শিল্প রপ্তানী বাড়ানো সহ দেশের সুনাম অক্ষুন্ন রাখতে পণ্যের গুণগত মান ধরে রাখার আহবানও জানান তিনি। ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রপ্তানীতে এ বছর আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
রাজধানীর পুর্বাচলে স্থায়ী প্রাঙ্গণে যাত্রা শুরু করলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬ তম আসর। মহামারি করোনার ধাক্কা সামলে দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচন করবে এ উদ্যোগ।
গণভবন থেকে বছরের প্রথম দিন ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় সরকারের দেওয়া ভর্তুকিতে দেশের অর্থনৈতিক গতি অব্যহত রাখা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দেশের সুনাম অক্ষুন্ন রাখতে রপ্তানী পণ্যের গুনগত মান বজায় রাখা জরুরী বলেও উল্লেখ করেন সরকার প্রধান।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবশক্তি গড়ে তোলা হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। ভবিষ্যতে কোন ধরণের পন্য কোন অঞ্চলে সৃষ্টি হতে পারে ও বিশ্বের কোথায় তার চাহিদা তৈরি হবে তা নির্ধারণে গবেষণার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর আইসিটি পণ্যসেবাকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
























