করোনার বুস্টার ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
- আপডেট সময় : ০৮:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
করোনার বুস্টার ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে রাজধানীর মহাখালী শেখ গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ফাইজারের টিকা নেন তিনি। পরে, হাসপাতালের সামনে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরেন চিকিৎসা বোর্ডের সদস্য প্রফেসর ডঃ এ জেড এম জাহিদ হোসেন।
করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকেল চারটায় গুলশানের ৭৯ নম্বর সড়কের ফিরোজা থেকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান খালেদা জিয়া। গাড়ীতে বসেই করোনার তৃতীয় ধাপের টিকা নেন বিএনপি নেত্রী।
নেত্রীকে দেখতে হাসপাতালের সামনে ভিড় জমান নেতাকর্মীরা।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন চিকিৎসা বোর্ডের সদস্য প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তুলে ধরেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা।
ব্যক্তিগত চিকিৎসকের কথা শেষ হওয়ার পর বাসার উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।
গেলো বছরের ১৯ জুলাই একই হাসপাতালে খালেদা জিয়া করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নেন। একই বছরের ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। ৭৬ বছর বয়সী এই নেত্রী বর্তমানে গুলশানে নিজের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।
এছাড়া গেল বছরের ১১ ই এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হন তিনি। করোনা পরবর্তী ডায়াবেটিস, আর্থাইটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগের চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন তিনি।
বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা বরাবরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দাবি জানিয়ে আসছেন। একই দাবি বিএনপির নেতাকর্মীদের।





















