ইসি গঠনে সার্চ কমিটিতে নাম দেবে না বিএনপি : ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
সার্চ কমিটিকে আওয়ামী লীগের আজ্ঞাবহ দাবি করে, বিএনপি নির্বাচন কমিশনার হিসেবে কারো নাম প্রস্তাব করবে না বলে জানিয়ে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকার একটি হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতাকে দেখতে গিয়ে একথা বলেন তিনি। মানবাধিকার লঙ্ঘন ও গুমের ঘটনা নিয়ে মন্ত্রী-এমপিদের দায়সারা বক্তব্যকে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে রসিকতা বলে অভিযোগ করেন তিনি।
রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের কর্মীদের হামলায় আহত হন আজিজ।
পরে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, রেবের শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর প্রশাসনিক হয়রানি কমলেও, বেড়েছে দলীয় সন্ত্রাসীদের দৌরাত্ম। ভীতিকর পরিস্থিতি তৈরি করে জনগনকে জিম্মি রাখতে চায় সরকার।
ইসি গঠনে সার্চ কমিটিকে সরকারের আজ্ঞাবহ উল্লেখ করে, এতে নাম প্রস্তাব না করার ঘোষণাও দেন তিনি।
গুম হওয়া ব্যক্তিরা আত্মগোপনে অথবা ভুমধ্যসাগরে ডুবে গেছে বলে সরকারের মন্ত্রীদের দেয়া বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
এই সরকারের অধীনে নতুন ইসি দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় পরিবর্তন না এলে জনগন আর কোন নির্বাচন হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি





















