ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স
- আপডেট সময় : ০৫:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় শুক্রবার রাতে তারা দেশটিতে ঢোকেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। এদিকে, শনিবার ভোর থেকে দুবাইয়েও হামলা শুরু করেছে ইরানের সেনাবাহিনী।
এরআগে শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। ওই বিমানে দুজন ক্রু ছিলেন। যার একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এই অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারকে টার্গেট করে গুলি ছোড়ে ইরানের পুলিশ। এতে একটি হেলিকপ্টারের লেজের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হয়। কিন্তু হেলিকপ্টারটি পরবর্তীতে নিরাপদে অবতরণ করতে সমর্থ হয়। যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা যখন তাদের ক্রুকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে তখন ওই ক্রুকে ধরতে পাল্টা অভিযান চালাচ্ছে ইরানি মিলিশিয়ারা। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় বলা হয়েছে, যদি কেউ মার্কিন বিমানবাহিনীর এই পাইলটকে জীবিত অথবা মৃত অবস্থায় আটক করতে পারে তাহলে তাকে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।





















