আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ হত্যা মামলায় রায় ৫ ফেব্রুয়ারি
- আপডেট সময় : ১২:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। এরআগে এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে শুনানি শেষ হয় গত ২০ জানুয়ারি। ওইদিন আদালত জানান, যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হবে।
এ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল কারাগারে আছেন। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনো পলাতক। গত বছরের ২১ আগস্ট এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ৬ জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। সে সময়েও জীবিত ছিলেন একজন। পরে তার মৃত্যু হয়।











