অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে ১-১ এ সমতা এনেছে স্বাগতিক ভারত
- আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে ১-১ এ সমতা এনেছে স্বাগতিক ভারত। ৩৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, ৫ বল বাকি থাকতেই ৩০৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
রাজকোটে সিরিজে সমতায় ফেরার লক্ষে মাঠে নেমেছিল ভারত। শুক্রবার টস হেরে ব্যাট করতে নামে শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। শুরুটা ভালো করলেও একজন পুড়লেন সেঞ্চুরির আক্ষেপে, আরেকজন ফিরলেন হাফসেঞ্চুরির আগে। এরপর তিনে নেমে রাহুলের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে ফেরেন কোহলি। শেষ দিকে ৫২ বলে ৬ চার ও তিন ছক্কায় ৮০ রান করে ফেরেন রাহুল। এরপর রবিন্দ্র জাদেজার অপরাজিত ২০ রানে ভর করে ৬ উইকেটে ৩৪০ রানের পুজি গড়ে ভারত। জবাবে, অস্ট্রেলিয়াকে অবশ্য শুরুর ভরসাটা দিতে পারেননি ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ। ওয়ার্নার ১৫ আর অ্যারন ফিঞ্চ ৩৩ রানে সাজঘরের পথ ধরেন। পরের সময়টায় স্মিথ-লাবুশানের লড়াই এবং বোলারদের দাপটে ম্যাচ বের করে নেয় স্বাগতিকরা। এরপর ৫ বল বাকি থাকতেই ৩০৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।





















