সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি
- আপডেট সময় : ১১:৫৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ২৩৬০ বার পড়া হয়েছে
সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো। অবরোধের প্রথম দিন সকালে রাজধানীতে গণপরিবহন চলাচল কম দেখা গেছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। রাজধানীর সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চলাচল বেশ কম।
নিরাপত্তার কারণে ব্যক্তিগত গাড়ি বের করছেন না অনেকেই। কর্মস্থলে যেতে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন জায়গায় পুলিশসহ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে..রাজধানীর মেরাদিয়ায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়েছেন সবুজ মিয়া নামে এক পরিবহন শ্রমিক। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। সকাল সাড়ে ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। সবুজকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
























