অতিরিক্ত সচিব জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে মাঠে নামবে দুদক
- আপডেট সময় : ১২:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সেই জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে মাঠে নামবে দুদক। রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ এনে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার ঘটনায় আলোচনায় আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার বিরুদ্ধে অবৈধ সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার জহুরুল হক। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। জানা যায়, দুদকের গোয়েন্দা বিভাগ দেশজুড়ে আলোচিত অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার অর্থ সম্পদের বিষয়ে গোপনে অনুসন্ধান শুরু করেছে।
পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সোমবার সাংবাদিক রোজিনা ইসলাম হেনস্তার শিকার হন। এ ঘটনায় নেপথ্যে নাম আসে কাজী জেবুন্নেছার। এরপর থেকে তার বিষয়ে বিভিন্ন মাধ্যমে তার ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদের নানা বিষয় বেরিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় জেবুন্নেছার নামে-বেনামে দেশে-বিদেশে বাড়ি-গাড়ি, ফ্ল্যাট, জমি ও ব্যাংকের অর্থ প্রভৃতি তথ্য বের হতে থাকে। দুদকের কাছেও নানা মাধ্যম থেকে অভিযোগ আসছে বলে জানা যায়। এতে বলা হয়, জেবুন্নেছার নামে রাজধানীতে চারটি বাড়ি, ফ্ল্যাট, গাজীপুরে ২১ বিঘা জমি, কানাডায় তিনটি বাড়ি, ও লন্ডনে একটি বাড়ি ছাড়াও শত কোটি টাকার এফডিআর রয়েছে। দুদক মনে করছে এসব অভিযোগের সত্যতা যাছাই করা দরকার। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অনুসন্ধানে মাঠে নামবে দুদক টিম। রোজিনাকে আটকে রাখার সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জেবুন্নেছা। ‘হেনস্তাকারী’ হিসেবে তার নাম উল্লেখের পাশাপাশি তাকেও ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় তথ্য সমৃদ্ধ পোস্ট শেয়ার করা হয়েছে।



















